এস এম আলম, ৯ অক্টোবর: পাবনা জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত হলো টাইফয়েড টিকাদান ক্যা¤েপইন উপলক্ষে জেলা এডভোকেসি সভা। সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম। সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসি সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এম রাশিদুল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ সহ জেলার সুশীল সমাজ প্রতিনিধীবৃন্দ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, টাইফয়েড টিকার উপরে গুরুত্ব আরোপ করেন এবং টাইফয়েড রোগ হতে আমাদের শিশুদের সুরক্ষা প্রদান করতে জেলার সকল পর্যায়ে এই টিকাদান কার্যক্রম সফল করতে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার আহ্বান জানান। আগামী ১২ অক্টোবর হতে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে পাবনা জেলার ৭,৭৪,৮০৯ জন শিশুকে ১ ডোজ টাইফয়েড এর টিকা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ। ৩০ অক্টোবর পর্যন্ত জেলার ২৯৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮৬০ টি অস্থায়ী ও ১৪ টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু টিকা গ্রহণ করতে পারবে।

