এস এম আলম, ২ এপ্রিল: পাবনা সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তারিকুল ইসলাম। গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি সদর থানায় যোগদান করেন। পাবনা সদর থানায় নিয়মিত মামলার রুজু,জি ডি এন্ট্রি, অভিযোগ প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ যেকোনো ধরনের পুলিশি সেবা নিতে কোন ধরনের লেনদেনের প্রয়োজন হবে না। দালাল ব্যতীত প্রত্যেক সেবা প্রার্থীরা সরাসরি অফিসার ইনচার্জ সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ওসি তারিকুল ইসলাম বলেন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর আমার প্রথম লক্ষ্য হলো এই থানাকে সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত করা। আমি স্পষ্ট করে বলতে চাই, পাবনা সদর থানাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। এখানে অনিয়মের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আপনাদের মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক। পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা খোলা। তিনি আরও বলেন, আমরা চাই একটি শান্তিময় পাবনা। কোনো অপরাধী ছাড় পাবে না, আবার কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমার তীক্ষ্ণ নজর থাকবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সুন্দর ও নিরাপদ পাবনা গড়তে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

