Homeখেলাধুলাসাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে মালদ্বীপের মালেতে হওয়া ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ।গত বছর ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলাদেশের যুবারা। মুর্শেদ-ফয়সালরা স্বাগতিক ভারতের কাছে হেরেছিল টাইব্রেকারে। এবার বাংলাদেশ সেই প্রতিশোধ নিলো অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে।রোনান সুলিভান। শুরু করেছিলেন স্বপ্নের মতো। শেষটাও করলেন তেমনভাবে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার জোড়া গোল করে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলেন। ফাইনালে টাইব্রেকারে শেষ শটটি লক্ষভেদ করে তিনি আনন্দের বন্যায় ভাসিয়ে দিলেন দেশের ফুটবলামোদীদের।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। শুরু থেকে দুই দলই রক্ষণ ঠিক করে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। বয়সভিত্তিক খেলা বলে অতিরিক্ত সময়ে গড়ায়নি ম্যাচ। সরাসরি টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।টাইব্রেকারে ভারতের ঋষির নেওয়া শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিন। শুরুতেই সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মুর্শেদ আলী প্রথম শটে গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ভারতের মোহাম্মদ আরবাশ লক্ষ্যভেদ করে স্কোর ১-১ করেন। এরপর চন্দন রায়ের গোলে বাংলাদেশ ২-১ স্কোর করে। ভারতের স্যামসন স্কোর করেন ২-২। ফাহিমের নেওয়া তৃতীয় শট লক্ষ্যভেদ হলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-২ গোলে। এরপর বিশাল যাদব স্কোর করেন ৩-৩। বাংলাদেশের স্যামুয়েল ক্রসবারে বল মারলে ভারত দারুণভাবে ফিরে আসে ম্যাচে। তবে পরের শটে ওমাং দোদং ক্রসবারের ওপর দিয়ে বল মারলে আবার ব্যাকফুটে চলে যায় ভারত।

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান নিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শটটি। লক্ষ্যভেদ হলে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং মিস করলে ভারত ফিরে আসবে ম্যাচে। ডান পায়ের নিখুঁত শট ভারতের গোলরক্ষকের ডান দিক দিয়ে কাঁপিয়ে দেয় জাল। মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার বাংলাদেশি সমর্থক যখন উল্লাসে মেতে ওঠেন।এর আগে নির্ধারিত সময়ে বাংলাদেশ ভালো দুটি সুযোগ পেয়েছিল এবং দুটি সুযোগের উৎসই ছিলেন রোনান সুলিভান। ১৪ মিনিটে তার ফ্রি কিকে মিঠুন যে হেড নিয়েছিলেন তা চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে। বল পোস্টে রাখতে পারলে ভারতীয় গোলরক্ষকের ঠেকানোর উপায় ছিল না। বিরতির আগে সুলিভান বাইসাইকেল কিক নিয়েছিলেন। তবে অল্পের জন্য বল জালের দেখা পায়নি।বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ বিভাগের শিরোপা জিতলো। ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments