এস এম আলম, ১৩ জুন: দলমত নির্বিশেষে পাবনা জেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জেলা শহরে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণবন্ত এক ‘নাগরিক সংলাপ’। সকালে পাবনা জেলা পরিষদের রশিদ হলে পাবনা নাগরিক কমিটি (পিএনসি) এর উদ্যোগে ” পিএনসি নাগরিক সংলাপ ২০২৬” আয়োজিত হয়। ‘জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংলাপে শুধু পাবনা জেলার নাগরিকদের নানা সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জহুরুল ইসলাম বিশু। ধরাবাঁধা কোনো আনুষ্ঠানিক বা ভারিক্কি বক্তৃতা এড়িয়ে উপস্থিত সাধারণ নাগরিক ও অতিথিদের উন্মুক্ত ও স্বাধীন মতামতের ভিত্তিতে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সংলাপে রূপ নেয়। বিশেষ করে নাগরিক ঐক্য, নারী-শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি, নাগরিকের বাক-স্বাধীনতা এবং পাবনা জেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো নিয়ে এখানে বিস্তর আলোচনা হয়। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু বলেন, “আজ আমরা এখানে শুধু কথা বলতে আসিনি, এসেছি আমাদের অধিকার, আমাদের দায়িত্ব এবং পাবনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে। দেশে কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু কাজের মানুষ অল্প। নিজের ও দেশের উন্নতির জন্য এখন কাজের মানুষ খুব বেশি প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। তাঁর উন্নয়ন দর্শনের অংশ হিসেবেই আমাদের জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় পর্যায়ের উন্নয়ন ঘটাতে হবে।” সংলাপে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন পাবনা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মুকুল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা বারের সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম রাব্বানী কামনা, লতিফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আখতার বিশ্বাস, পাবনার বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাহতাব বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক শিবজীত নাগ, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল মামুন (রনু)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: মোয়াল্লেমুল ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান ইমন, অন্যতম সংগঠক মাহবুবুর রহমান, বেড়া উপজেলার সংগঠক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন এবং কাশিনাথপুরের সংগঠক এস এম মহির উদ্দিন কলি, বাংলাদেশ পেট্রাল পাম্প অনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনা বিসিক সভাপতি আফজাল হোসেন রাজা, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমাপনী বক্তব্যে বক্তারা অবকাঠামো, শিক্ষা, কৃষি, শিল্প-বাণিজ্য, জনসেবা ও পরিবেশ রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে পাবনাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। আবুল বাসার খান জুয়েল ও মো. মুন এর অত্যন্ত চমৎকার ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

