এস এম আলম, ৩ জুলাই: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন, পাবনার উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার, পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব মো: আবু তালেব মন্ডল , পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান , সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আরিফা সুলতানা রুমা, পুলিশ সুপার জনাব মো: ছুফি উল্ল্যাহ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.মাকসুদুর রহমান মাসুস খন্দকার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয় পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলা। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়।পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হলে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে আটঘরিয়া উপজেলাকে পরাজিত করে পাবনা সদর উপজেলা টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের প্রাণবন্ত উৎসাহে স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের বাকি খেলাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। যুবসমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য।

