কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান।তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭০ জন। আরও শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেসসহ পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন শহর। পার্শ্ববর্তী ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়েছে।
