এস এম আলম, ১৯ আগস্ট: পাবনা শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অভিযানকালে হেলমেট না পরা, অবৈধ পার্কিং, যানবাহনের বৈধ নথিপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার দায়ে ২০টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। একই সাথে আইন লঙ্ঘনের অপরাধে মোট ২৪টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।অভিযানে নেতৃত্বদানকারী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সদাকাতুল বারী জানান, পাবনা শহরের প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। শহরের যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে আগামীতেও এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আরিফুল ইসলাম, সার্জেন্ট শ্যামল এক্কা ও টিএসআই আব্দুল বারেকসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।এদিকে ট্রাফিক পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ পথচারীরা। তারা জানান, বেপরোয়া ড্রাইভিং, কাগজপত্রহীন যানবাহন এবং যত্রতত্র অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত এমন কঠোর ব্যবস্থা নেওয়া হলে পাবনা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা সমাধান সম্ভব হবে।

