এস এম আলম, ২০ সেপ্টেম্বর: পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকান্ডের বিচার কার্য দ্রুত সম্পন্ন করা এবং অপরাধীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও নিহত কলির সহপাঠিরা। সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বেড় করে তারা। বিক্ষোভ মিছিলটি আদালত এলাকাসহ আশেপাশের সড়ক ঘুরে শেষ হয়। এর আগে এ হত্যার ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার আগে গ্রেপ্তারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কলিকে ধর্ষন করে। পরে তাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেন। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।




