অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি চলাচল করবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।শনিবার (১০ অক্টোবর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ (BG339) ও বিজি৩৪০ (BG340) ফ্লাইট দুটি অনিবার্য পরিচালনগত কারণে স্থগিত করা হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এ ছাড়া ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী তথ্য সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



