ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতা করতে রাজি এমন কাউকে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। এ জন্য ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প।শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি পরামর্শ দেব, তারা এমন একজন নতুন নেতা নির্বাচন করুক, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কিন্তু কোনো এক কারণে জেলেনস্কি তা করেন না।’রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, এসব হামলার কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়েছে। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ে চাপের মুখে রয়েছেন তিনি।

জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের
ট্রাম্পের দাবি, জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন তার ভূখণ্ডের ৩০ শতাংশ হারিয়েছে। দুই পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প।তার কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ারই প্রয়োজন ছিল না। এ যুদ্ধের পেছনে অদক্ষতা দায়ী বলে মন্তব্য করেন তিনি।ট্রাম্প আরও বলেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরু হতো না।
জেলেনস্কির পক্ষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের মন্তব্যের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণের সমর্থন রয়েছে। দেশের নেতৃত্ব কে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের।সিবিহা আরও বলেন, বিদেশ থেকে আসা এমন বক্তব্য প্রমাণ করে যে জেলেনস্কি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। তার সমর্থন পাওয়া উচিত।এদিকে ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন ইউক্রেনের কর্মকর্তারা।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তবে স্থলযুদ্ধে দুই পক্ষের অগ্রগতি অনেকটাই আটকে আছে।ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, গত চার দিনে রাশিয়ার হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি
শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার একটি চুক্তি করেছেন তিনি। কয়েক বছর ধরে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর চাপ সৃষ্টি করে আসছিল ওয়াশিংটন। সেই অবস্থানের সঙ্গে এ চুক্তিকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, রাশিয়া প্রথমে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং পরবর্তী সময়ে ১০ লাখ টন ডিজেল দেওয়া হবে।এরপর অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহের কথাও জানিয়েছেন তিনি।এ চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগে মস্কো ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।শনিবার জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ হামলার পর এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা শিথিল করাকে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে।তার মতে, রাশিয়া জ্বালানি রপ্তানি থেকে অতিরিক্ত অর্থ পেলে অস্ত্রের যন্ত্রাংশ, ড্রোনের উন্নয়ন, ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং যোদ্ধা নিয়োগে তা ব্যয় করতে পারবে।
সুত্র: আল জাজিরা


