Homeখেলাধুলাঅক্ষর-অশ্বিনে কুপোকাত ইংল্যান্ড

অক্ষর-অশ্বিনে কুপোকাত ইংল্যান্ড

আগের টেস্টে ইংলিশ ব্যাটসম্যানদের ওপর রীতিমত ছড়িয়ে ঘুরিয়েছেন ভারতীয় দুই স্পিনার অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিন। এবার ইংল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়লেও বেরিয়ে আসতে পারেনি স্পিন জুজু থেকে।আরও একবার অক্ষর প্যাটেল ভুগিয়েছেন সফরকারি ব্যাটসম্যানদের। সঙ্গে ছিলেন সেই রবিচন্দ্রন অশ্বিন। আহমেদাবাদের মোতেরায় বেশ ভালো বোলিং করেছেন পেসার মোহাম্মদ সিরাজও। সবমিলিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২০৫ রানেই।

টস জিতে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করেছিল ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজ আর ইশান্ত শর্মার পেস জুটিকে প্রথম ৫ ওভার সামলে মাত্র ১০ রান তুলে সফরকারিরা। ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণে নিয়ে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বল তুলে দেন অক্ষর প্যাটেলের হাতে।

সময় লাগেনি। ওভারের দ্বিতীয় বলেই ডম সিবলিকে (২) বোল্ড করে অধিনায়কের আস্থার প্রতিদান দেন অক্ষর। পরের ওভারে বাঁহাতি এই স্পিনার তুলে নেন জ্যাক ক্রলিকে (৯)। এরপর সিরাজ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ইংলিশ দলের ব্যাটিং স্তম্ভ ও অধিনায়ক জো রুটকে (৫)।

৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টো আর বেন স্টোকস মিলে বিপদ কিছুটা সামলে উঠেছিলেন। এই জুটিটিও ভাঙেন সিরাজ, বেয়ারস্টোকে এলবিডব্লিউ করেন ব্যক্তিগত ২৮ রানে।বেন স্টোকস দারুণ খেলছিলেন, ফিফটিও তুলে নেন। কিন্তু ওয়াশিংটন সুন্দর তাকে এলবিডব্লিউ করে দেন কিছু পরেই। ১২১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় স্টোকস সাজঘরের পথ ধরেন ৫৫ রানে।

সেট হয়ে আউট হয়েছেন ওলি পোপ, বেন ফোকসরাও। পোপ ২৯ আর ফোকসের ব্যাট থেকে আসে ৪৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে পার করেছে দুইশর ঘর, অলআউট হওয়ার আগে খেলেছে ৭৫.৫ ওভার।

অক্ষর প্যাটেল ৬৮ রানে ৪টি, রবিচন্দ্রন অশ্বিন ৪৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। ৪৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার মোহাম্মদ সিরাজের। বাকি এক উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।জবাব দিতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতও। দলের খাতায় কোনো রান ওঠার আগে ইনিংসের তৃতীয় বলেই তারা হারিয়েছে ওপেনার শুভমান গিলকে (০)। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন তিনি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments