এস এম আলম, ১২ অক্টোবর: নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়, পাবনার আয়োজনে এবং ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিঙের সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. জান্নাতুল ফেরদৌস, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদ কামাল, ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পাবনা এলাকার ব্যবস্থাপক মতিউর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপন, শিক্ষা ও কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। তাই চোখের যত্ন নেওয়া, নিয়মিত চোখ পরীক্ষা করা এবং দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি দৃষ্টিশক্তিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য প্রয়োজনীয় চক্ষুসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কমানো সম্ভব। এজন্য তৃণমূল পর্যায়ে চক্ষুসেবা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।




