বাংলাদেশ কী আবুধাবি টেস্ট জিততে পারবে। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য বেধে দেওয়ার পর জয়ের স্বপ্নটা বড় হয়েছিল। তবে, আফগান ব্যাটাররাও বেশ দৃঢ়তা দেখাতে শুরু করেছে। যার ফলে ম্যাচটিতে ফল হবে নাকি অমিমাংসিত থেকে যাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, দুই পক্ষই রয়েছে অনড় অবস্থানে। টেস্টের শেষ দিনে জিততে হলে আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান এবং বাংলাদেশের প্রয়োজন আরও ৭ উইকেট।জয়ের জন্য ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বলে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। কিন্তু তৃতীয় উইকেটে সেদিকুল্লাহ অটল এবং রহমত শাহ মিলে ৮২ রানের জুটি গড়ে দারুণ লড়াই গড়ে তোলে।এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন প্রথম ইনিংসে আফগানদের হয়ে সেঞ্চুরি করা রহমত শাহ। ১২৪ বল খেলে ৫১ রান করার পরই আউট হন রহমত। মূলত ভয়ঙ্কর হয়ে ওঠা আফগানতের তৃতীয় উইকেট জুটিতে ভাঙন ধরান এবাদত হোসেন।উইকেটের পেছনে লিটন দাসের হাতেই ক্যাচ দিলেন রহমত শাহ। এই ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের মালিক হয়ে গেলেন লিটন কুমার দাস।চতুর্থ দিন শেষে আফগানিস্তানের রান ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২। ৩৫ রান নিয়ে সেদিকুল্লাহ এবং ১৯ রান নিয়ে ব্যাট করছেন হাশমতউল্লাহ শহিদি।এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেন লিটন দাস। ১০২ রান করেন তিনি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছিল ৪৭৮ রানের।



